
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ে খেলাধুলার প্রসার, বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিতদের ক্রীড়ায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও সক্রিয় করার লক্ষ্য নিয়ে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
গত ৬ জুন ২০২৬ তারিখে কমিটিটি অনুমোদিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদাধিকারবলে সভাপতি এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈমকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
আবুল কাশেম নাঈম সদস্য সচিব মনোনীত হওয়ায় শান্তিগঞ্জ উপজেলার ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তার নতুন দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানিয়েছেন।
প্রতিক্রিয়ায় আবুল কাশেম নাঈম বলেন, শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পিছিয়ে থাকা উপজেলার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করবেন। বিশেষ করে নতুন প্রজন্ম, বিশেষ চাহিদাসম্পন্ন এবং সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে একটি প্রাণবন্ত ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, অর্পিত দায়িত্ব সফলভাবে পালনে সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছেন।
আপনার মতামত লিখুন :