চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ
চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়মিত পরীক্ষাগুলো শেষ হওয়ার পর বন্যার কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।

তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে যেসব বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী পদার্থবিজ্ঞান পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদেরও পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডে নিবন্ধন করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

তিনি আরও বলেন, কোনো শিক্ষার্থী যেন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।