
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগ সুপারিশের দায়িত্ব জেলা প্রশাসকদের (ডিসি) কাছ থেকে প্রত্যাহার করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অশিক্ষক এমপিও পদে নিয়োগের ক্ষমতা আবারও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির হাতে ফিরে গেল।
মঙ্গলবার (২১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। এতে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর জারি করা পরিপত্র বাতিল করে ২০২৪ সালের ১০ জানুয়ারির নির্দেশনা পুনর্বহাল করা হয়েছে।
বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব সাইয়েদ এ জেড এম মোরশেদ আলীর স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ এবং স্নাতক (পাস) কলেজে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিও পদে নিয়োগের ক্ষেত্রে ২০২৪ সালের নির্দেশমালা পুনরায় কার্যকর হবে।
তবে ওই নির্দেশিকার ২.৪ ধারার ‘ক’, ‘খ’ ও ‘গ’ উপধারায় উল্লেখিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত অংশ এই সিদ্ধান্তের আওতায় থাকবে না। অন্যদিকে ট্রেড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণাগার সহকারী, ল্যাব সহকারী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশপ্রহরী, আয়া ও অফিস সহায়কসহ অন্যান্য অশিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে আগের নির্দেশনাই কার্যকর থাকবে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে অশিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষমতা পরিচালনা পর্ষদের কাছ থেকে প্রত্যাহার করে। সে সময় জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত একটি কমিটির মাধ্যমে লিখিত পরীক্ষা, মূল্যায়ন ও নিয়োগের সুপারিশ করার বিধান করা হয়েছিল। ওই কমিটিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের কোনো সদস্য থাকার সুযোগ ছিল না।
সর্বশেষ পরিপত্রের মাধ্যমে সেই ব্যবস্থা বাতিল করে আবারও পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে অশিক্ষক কর্মচারী নিয়োগের বিধান বহাল করা হয়েছে। তবে অতীতে অশিক্ষক নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি এবং আর্থিক লেনদেনের নানা অভিযোগ থাকায় নতুন সিদ্ধান্তের পর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও মেধার মূল্যায়ন কীভাবে নিশ্চিত করা হবে, তা নিয়ে শিক্ষা সংশ্লিষ্ট মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন :