
বস্ত্রখাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কমিটি খাতটির সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ ও সুপারিশ নিয়ে কাজ করবে।
বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, বস্ত্রখাতের সমস্যাগুলো দীর্ঘদিনের। আগের কোনো সরকারই এসব সমস্যা কার্যকরভাবে সমাধান করতে পারেনি। তবে বর্তমান সরকার এ খাতের সংকট নিরসনে আন্তরিকভাবে কাজ করছে।
বিটিএমএ সভাপতি বলেন, সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করলেও সমস্যাগুলোর পূর্ণাঙ্গ সমাধানে আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে। এ সময় উদ্যোক্তারা সরকারকে সহযোগিতা করবেন বলেও জানান তিনি। শওকত আজিজ রাসেল বলেন, সরকার আন্তরিকভাবে উদ্যোগ নিলে দেশের বস্ত্রখাত আবারও ঘুরে দাঁড়াবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্যাস, বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি এ খাতের আর্থিক সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি জানান, এরই মধ্যে সরকার বস্ত্রখাতের জন্য ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে। গঠিত কমিটি আগামী সপ্তাহে আবার বৈঠকে বসবে এবং খাতের সমস্যা সমাধানে করণীয় নির্ধারণ করবে। বিটিএমএ সভাপতি আরও বলেন, বন্ধ ও অর্ধবন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা সম্ভব হলে দ্রুত সময়ের মধ্যে প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। তবে এসব কারখানা চালু করতে হলে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
তিনি বলেন, দেশের বস্ত্রখাতকে এগিয়ে নিতে হলে উৎপাদন ব্যয় কমানো, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং বাজারে অসম প্রতিযোগিতা বা ডাম্পিং পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ প্রয়োজন। সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাত বস্ত্রশিল্পের সংকট কাটাতে সরকার ও উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কমিটির সুপারিশের ভিত্তিতে আগামী দিনে এ খাতে নতুন গতি ফিরবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
আপনার মতামত লিখুন :