
দেশের তৈরি পোশাকশিল্পের বিকাশ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ খাতের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দেশের পোশাক খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরে। বৈঠকে পোশাকশিল্পের চলমান বিভিন্ন সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিল্পের বিকাশে স্বল্প ও দীর্ঘমেয়াদি বেশ কিছু প্রস্তাব উপস্থাপন করেন সংগঠনটির নেতারা।
বিজিএমইএ নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি যেসব সমস্যার দ্রুত সমাধান সম্ভব, সেগুলোতে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সমস্যাগুলো সমাধানে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। দীর্ঘদিনের কিছু সমস্যা থাকলেও যেসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এই খাতের উন্নয়নে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন এবং কার্যকর নীতিমালা প্রণয়নে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, সরকারের নেওয়া উন্নয়নমূলক কার্যক্রমগুলো বাস্তবায়ন হলে দেশের অর্থনীতিতে আরও গতি আসবে এবং পোশাক খাত আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে। বৈঠকে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বৈঠক শেষে বিজিএমইএর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহাদী আমিন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেনসহ বিজিএমইএর পরিচালনা পর্ষদের সদস্য ও শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :