বিয়েটা আর করতে হলো না: পরীমণি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ণ
বিয়েটা আর করতে হলো না: পরীমণি

বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। প্রিয় দল শিরোপা জিতলে আবারও বিয়ে করবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর সেই ঘোষণা আর বাস্তবায়িত হয়নি।

ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে পরীমণি লেখেন, “বিয়েটা আর করতে হলো না, এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।” তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দেয়।

এর আগে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পরও বিষয়টি নিয়ে রসিকতা করেছিলেন এই অভিনেত্রী। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ করে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, “হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!” পোস্টটি সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এবং নেটিজেনদের মধ্যে হাস্যরসের খোরাক জোগায়।

তবে শেষ পর্যন্ত ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের মধ্য দিয়ে পরীমণির ঘোষিত ‘বিয়ের পরিকল্পনা’ও আর বাস্তবায়িত হলো না। ম্যাচ শেষে আবারও নিজের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি জানিয়ে দেন, ফল যাই হোক, আর্জেন্টিনার প্রতি তার সমর্থন অটুট থাকবে।

পরীমণির সর্বশেষ পোস্টটিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক ভক্ত বিষয়টিকে নিছক মজা হিসেবে নিয়েছেন এবং মন্তব্যের ঘরে নানা ধরনের রসিকতা করছেন। আবার অনেক আর্জেন্টিনা সমর্থক অভিনেত্রীর হতাশার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত মতামত প্রকাশ করেন পরীমণি। বিশেষ করে খেলাধুলা, সিনেমা এবং ব্যক্তিগত নানা প্রসঙ্গে তার পোস্ট প্রায়ই ভক্তদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এবারও বিশ্বকাপ ফাইনালকে ঘিরে তার মজার মন্তব্য নেটদুনিয়ায় বেশ আলোচিত হয়েছে।