
কৃষকদের একটি সমন্বিত তথ্যভাণ্ডার তৈরির লক্ষ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কৃষক কার্ড প্রণয়নের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার প্রকৃত কৃষকদের তথ্য সংরক্ষণ করা হবে, যাতে ভবিষ্যতে কৃষিসেবা আরও সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া যায়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন উপজেলার মতো বড়াইগ্রামেও ইউনিয়নভিত্তিক নির্ধারিত ব্লকে কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ সময় কৃষকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল নম্বর, কৃষিজমির পরিমাণ, জমির অবস্থানসহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, এ তথ্যভাণ্ডারের মাধ্যমে ভবিষ্যতে কৃষি প্রণোদনা, কৃষিযন্ত্র বিতরণ, কৃষি প্রশিক্ষণ, ভর্তুকি, উন্নত বীজ, সারসহ বিভিন্ন সরকারি কৃষিসেবা প্রকৃত কৃষকদের কাছে আরও স্বচ্ছ ও দ্রুত পৌঁছে দেওয়া সহজ হবে।
বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মো. সজীব আল মারুফ জানান, উপজেলার জোনাইল ইউনিয়নের দারিকুশি ব্লকের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ইতোমধ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কাজে ১৬ জন উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠপর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করছেন।
তিনি কৃষকদের নির্ধারিত সময়ে সঠিক ও নির্ভুল তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তথ্য সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে কৃষকদের জন্য বিভিন্ন সরকারি সহায়তা ও কৃষিসেবা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।
এ কার্যক্রম বাস্তবায়নে উপজেলা কৃষি বিভাগ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং মাঠপর্যায়ের কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করছেন।
আপনার মতামত লিখুন :