নওগাঁয় ১৬ হাজার ৬১ বোতল ফেন্সিডিল ধ্বংস


স্টাপ রিপোর্টার, এ.বি.এস রতন প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
নওগাঁয় ১৬ হাজার ৬১ বোতল ফেন্সিডিল ধ্বংস

নওগাঁ জেলায় বিভিন্ন সময়ে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে জেলা প্রশাসন। সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে ১৬ হাজার ৬১ বোতল ফেন্সিডিল ধ্বংস করা হয়।

মাদক ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলামসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় নওগাঁ ফায়ার সার্ভিসের একটি দলও সার্বিক সহযোগিতা প্রদান করে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে গত কয়েক বছরে মাদক কারবারিদের কাছ থেকে এসব ফেন্সিডিল জব্দ করা হয়। মামলার আলামত হিসেবে দীর্ঘদিন মালখানায় সংরক্ষিত থাকার পর আদালতের নির্দেশনা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে সেগুলো ধ্বংস করা হয়েছে।

নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান জানান, ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ছয় বছরে জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া ১৫১টি মামলায় মোট ১৬ হাজার ৬১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছিল। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, অবৈধ মাদকদ্রব্য ধ্বংসের এ কার্যক্রম মাদকের অপব্যবহার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার অংশ। ভবিষ্যতেও আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত মাদকদ্রব্য একইভাবে ধ্বংস করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের সমন্বিত কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।