মেটার সার্ভারে বড় বিভ্রাট,

ফেসবুক-মেসেঞ্জারে প্রবেশে ভোগান্তিতে বিশ্বজুড়ে ব্যবহারকারীরা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৩:১২ অপরাহ্ণ
ফেসবুক-মেসেঞ্জারে প্রবেশে ভোগান্তিতে বিশ্বজুড়ে ব্যবহারকারীরা

বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে হঠাৎ বড় ধরনের কারিগরি সমস্যা দেখা দিয়েছে। মেটার মালিকানাধীন এসব প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন বিশ্বের কোটি কোটি ব্যবহারকারী।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দুপুরের পর থেকে এ সমস্যার সূত্রপাত হয়। অনেক ব্যবহারকারী জানান, ফেসবুকে লগইন করতে গেলে তাদের স্ক্রিনে “Account Temporarily Unavailable” বার্তা দেখাচ্ছে। ফলে তারা নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ কিংবা স্বাভাবিকভাবে সেবা ব্যবহার করতে পারছেন না।

বিশ্বজুড়ে বিভিন্ন ওয়েবসাইট ও অনলাইন সেবার ত্রুটি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, সমস্যা শুরু হওয়ার পর অল্প সময়ের মধ্যেই ফেসবুকের সেবা নিয়ে হাজার হাজার অভিযোগ জমা পড়ে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে একই ধরনের সমস্যার খবর পাওয়া গেছে।

হঠাৎ এ সমস্যার কারণে অনেক ব্যবহারকারী প্রথমে নিজেদের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আশঙ্কা করেন। তবে পরে ধারণা করা হয়, এটি ব্যক্তিগত অ্যাকাউন্টের কোনো সমস্যা নয়; বরং মেটার সার্ভার বা প্রযুক্তিগত অবকাঠামোর ত্রুটির কারণে সাময়িকভাবে এ বিভ্রাট তৈরি হয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত মেটার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা বিভ্রাটের কারণ জানানো হয়নি। তবে প্রতিষ্ঠানটি পরিস্থিতি পর্যবেক্ষণ করে সমস্যা সমাধানে কাজ করছে বলে ধারণা করা হচ্ছে।

প্রযুক্তিগত এ ত্রুটি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করছেন ব্যবহারকারীরা। এদিকে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, এ ধরনের সমস্যায় আতঙ্কিত হয়ে পাসওয়ার্ড পরিবর্তন বা অন্য কোনো পদক্ষেপ নেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করা উচিত।