৫৯ বছর বয়সে গোল করে রেকর্ড গড়লেন কিং কাজু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
৫৯ বছর বয়সে গোল করে রেকর্ড গড়লেন কিং কাজু

বয়সকে হার মানিয়ে আবারও ফুটবল মাঠে আলো ছড়িয়েছেন জাপানের কিংবদন্তি ফুটবলার কাজুইয়োশি মিউরা। ৫৮ বছর বয়সে প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

জাপানের তৃতীয় বিভাগের ক্লাব ফুকুশিমা ইউনাইটেডের হয়ে ইওয়াকি ফুরুকাওয়ার বিপক্ষে খেলতে নেমে দুর্দান্ত এক গোল করেন মিউরা। ম্যাচের ৫২তম মিনিটে তার করা গোলটি দলকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত ফুকুশিমা ইউনাইটেড ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।

এই গোলটি ছিল প্রতিযোগিতামূলক ফুটবলে মিউরার ২০২২ সালের নভেম্বরের পর প্রথম গোল। এর আগে সুজুকা পিজির জার্সিতে এসি ওসাকার বিপক্ষে সর্বশেষ গোল করেছিলেন তিনি। প্রায় চার বছর পর আবারও গোলের দেখা পেয়ে নিজের দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে যোগ করলেন আরও একটি স্মরণীয় অধ্যায়।

১৯৮৬ সালে ব্রাজিলের বিখ্যাত ক্লাব সান্তোসের হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন কাজুইয়োশি মিউরা। এরপর ইতালি, ক্রোয়েশিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। জাপান জাতীয় দলের হয়েও রয়েছে তার অসাধারণ অবদান। দেশের জার্সিতে ৮৯ ম্যাচে ৫৫টি গোল করেছেন এই কিংবদন্তি ফরোয়ার্ড। যদিও ২০০০ সালেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন তিনি।

সম্প্রতি ইয়োকোহামা এফসি থেকে ধারে ফুকুশিমা ইউনাইটেডে তার চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন চুক্তির মাধ্যমে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ৪২তম মৌসুমে পা রাখতে যাচ্ছেন তিনি। ১৯৯৩ সালে জাপানের পেশাদার ফুটবল লিগ জে-লিগের যাত্রা শুরুর পর থেকেই জাপানি ফুটবলের অন্যতম বড় প্রতীক হিসেবে পরিচিত ‘কিং কাজু’। ৫৮ বছর বয়সেও ফুটবল চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে মিউরা প্রমাণ করেছেন, বয়স নয়, বরং খেলার প্রতি ভালোবাসা ও অদম্য মানসিকতাই একজন খেলোয়াড়কে এগিয়ে নেয়। তার এই অধ্যবসায় বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের কাছে অনুপ্রেরণার এক অনন্য উদাহরণ হয়ে আছে।