কমনওয়েলথ গেমসে সেমিফাইনালের আগেই থামলেন ইমরানুর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
কমনওয়েলথ গেমসে সেমিফাইনালের আগেই থামলেন ইমরানুর

গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসে পুরুষ ও নারী ১০০ মিটার স্প্রিন্টে প্রত্যাশা অনুযায়ী সাফল্য পাননি বাংলাদেশের দুই শীর্ষ অ্যাথলেট ইমরানুর রহমান ও শিরিন আক্তার। লড়াকু পারফরম্যান্স দেখিয়েও পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠতে পারেননি বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর। অন্যদিকে, নারীদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন দেশের অন্যতম সেরা স্প্রিন্টার শিরিন আক্তার।

পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের প্রথম রাউন্ডের নবম হিটে দুই নম্বর লেন থেকে দৌড় শুরু করেন ইমরানুর রহমান। তিনি ১০.৩৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন। তার রিঅ্যাকশন টাইম ছিল ০.১৫৪ সেকেন্ড এবং দৌড়ের সময় বাতাসের গতি ছিল প্রতি সেকেন্ডে +০.৯ মিটার।

এই হিটে ত্রিনিদাদ ও টোবাগোর ও. লুইস ১০.১৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান দখল করেন। ব্রিটিশ ভার্জিন আইসল্যান্ডসের আর. ব্রাথওয়েট ১০.৩৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন। মাত্র ০.০২ সেকেন্ডের ব্যবধানে পিছিয়ে পড়ে তৃতীয় হওয়ায় সরাসরি সেমিফাইনালে ওঠার সুযোগ হারান ইমরানুর।

আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হয়ে নিয়মিত প্রতিনিধিত্ব করে আসা ইমরানুর রহমানের কাছ থেকে এবারের আসরেও ভালো ফলাফলের প্রত্যাশা ছিল। তবে শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিটে সামান্য ব্যবধানে পিছিয়ে যাওয়ায় তার সেমিফাইনালের স্বপ্ন পূরণ হয়নি।

এদিকে, নারীদের ১০০ মিটার স্প্রিন্টের প্রথম রাউন্ডের সপ্তম হিটে তৃতীয় লেন থেকে দৌড় শুরু করেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট শিরিন আক্তার। তিনি ১২.৩৯ সেকেন্ড সময় নিয়ে হিটের শেষ স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেন। তার রিঅ্যাকশন টাইম ছিল ০.২০৮ সেকেন্ড।

নিজের ব্যক্তিগত সেরা সময় ১১.৯৯ সেকেন্ডের ধারেকাছেও যেতে পারেননি শিরিন। ফলে প্রথম রাউন্ডেই শেষ হয়ে যায় গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসে তার অভিযান। একই দিনে বাংলাদেশের দুই স্প্রিন্টারের বিদায়ের মধ্য দিয়ে অ্যাথলেটিকসে দেশের পদকের সম্ভাবনার পথও শেষ হয়ে গেল।