শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামোতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ১ মিটার (৩ দশমিক ২৮ ফুট) উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে—এমন আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ জুলাই) জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পরপরই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ভূমিকম্পের গুরুত্ব বিবেচনায় জাপান সরকার কিউশু দ্বীপের একাধিক প্রিফেকচারে বিশেষ জরুরি সতর্কতা জারি করেছে। এর মধ্যে রয়েছে কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী দল, দমকল বাহিনী এবং অন্যান্য জরুরি সেবা সংস্থাকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষকে সরকারি নির্দেশনা অনুসরণ করে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে আফটারশকের আশঙ্কা থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।