সাতক্ষীরায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিজিবি, বিতরণ করল ত্রাণ


সাতক্ষীরা জেলা প্রতিনিধি, রমজান আলী প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিজিবি, বিতরণ করল ত্রাণ

সাম্প্রতিক ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, টানা ভারী বর্ষণের কারণে সীমান্ত এলাকার অনেক পরিবার জলাবদ্ধতা ও নানা সমস্যার মুখে পড়ে। এসব ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় বৈকারী ইউনিয়নের ৫০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাদ্য সামগ্রীর ৫০টি প্যাকেট বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণকালে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সবসময় প্রস্তুত। সীমান্ত রক্ষার পাশাপাশি মানুষের কল্যাণে বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, দুর্গত এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের জীবন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে ৩৩ বিজিবি প্রয়োজনীয় উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে।