পলাশে সরকারি কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা


পলাশ উপজেলা প্রতিনিধি, কামরুজ্জামান  প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ
পলাশে সরকারি কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নরসিংদীর পলাশ উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। সভায় উপজেলা প্রশাসনের কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জুয়েল রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, জনগণের দোরগোড়ায় স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানসম্মত সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ সময় তিনি উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদের নতুন ভবনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে সেবার মান, প্রশাসনিক কার্যক্রম ও নাগরিক সেবা কার্যক্রমের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।