
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার পাশাপাশি নতুন প্রযুক্তির ‘প্লাগ অ্যান্ড প্লে’ পদ্ধতির ১ হাজার ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে ধাপে ধাপে এসব ক্যামেরা বসানো হবে। ইতোমধ্যে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে নতুন প্রযুক্তির ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় কম খরচে এবং দ্রুত সময়ের মধ্যে রাজধানীর বড় একটি এলাকা নজরদারির আওতায় আনতেই ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এআই ক্যামেরা প্রযুক্তি তুলনামূলক ব্যয়বহুল এবং স্থাপনে বেশি সময় প্রয়োজন হওয়ায় বিকল্প হিসেবে নতুন এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
ডিএমপির ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা জানান, নতুন ক্যামেরাগুলোর মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন মেমোরি কার্ড থাকবে। এসব ক্যামেরার মাধ্যমে সড়কে চলাচলকারী যানবাহনের গতিবিধি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও সরাসরি ধারণ করা হবে। পরে সংরক্ষিত ভিডিও পর্যবেক্ষণ করে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা করবেন ট্রাফিক সার্জেন্টরা। ডিএমপি জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ধাপে ধাপে ১ হাজার ক্যামেরা স্থাপন করা হবে। বর্তমানে নগরীর ১৬টি গুরুত্বপূর্ণ স্থানে ৩৭টি এআই ক্যামেরা চালু রয়েছে এবং সেগুলো সক্রিয়ভাবে কাজ করছে।
সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার বিষয়ে আনিছুর রহমান বলেন, বর্তমানে রাজধানীর ১৩টি মোড়ে এ ব্যবস্থা চালু রয়েছে। তবে প্রযুক্তিগত ত্রুটি, ভারী বৃষ্টি বা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে মাঝে মাঝে এসব সিগন্যাল সাময়িক বন্ধ রাখতে হয়। এ ছাড়া একই সড়কে দ্রুতগতির ও ধীরগতির যানবাহনের অসামঞ্জস্যের কারণেও কিছু সমস্যা তৈরি হয়। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আরও ৫০টি সিগন্যাল চালুর প্রস্তুতি চলছে।
শব্দদূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অবৈধ হর্ন ও অপ্রয়োজনীয় হুটার ব্যবহারের কারণে ট্রাফিক পুলিশসহ সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং প্রতি মাসে প্রায় ৫০ হাজারের বেশি মামলা দেওয়া হচ্ছে।
এদিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার যানজট কমাতে সড়কের আইল্যান্ড অপসারণ ও ট্রাফিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। তেজগাঁও ট্রাফিক বিভাগ নতুন পরিকল্পনায় একটি সিগন্যাল কমিয়ে যান চলাচল সহজ করার উদ্যোগ নিয়েছে। পুলিশের আশা, নতুন ব্যবস্থায় ওই এলাকায় যানজট অনেকটাই কমবে।
আপনার মতামত লিখুন :