
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ফ্যামেলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার পদে মোট ৯৩৭ জন আবেদন করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ শেষে এ তথ্য জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও বাস্তবায়ন কমিটির সদস্যসচিব সোহেল রানা।
তিনি জানান, গত ২২ জুলাই থেকে শুরু হওয়া আবেদন কার্যক্রমে তথ্যসংগ্রহকারী পদে ৮৩৪ জন এবং সুপারভাইজার পদে ১০৩ জন আবেদন জমা দিয়েছেন।
তথ্যসংগ্রহকারী পদের আবেদনকারীদের মধ্যে ফতেপুর ইউনিয়নে ১৫৮ জন, কসবা ইউনিয়নে ১৩৬ জন, নাচোল ইউনিয়নে ২৪৫ জন, নেজামপুর ইউনিয়নে ১০৮ জন এবং নাচোল পৌরসভা এলাকায় ১৮৭ জন আবেদন করেছেন।
উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, তথ্যসংগ্রহকারী পদে ৬১ জন স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। এছাড়া অপেক্ষমাণ তালিকায় রাখা হবে আরও ৭ জনকে। অন্যদিকে, সুপারভাইজার পদে ৫ জনকে নির্বাচিত করা হবে এবং একজনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হবে।
সোহেল রানা আরও জানান, মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৩টায় নাচোল মহিলা কলেজে আবেদনকারীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আগামী বুধবার (২৯ জুলাই) নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :