চন্দ্রগঞ্জে দুই প্রবাসী ভাইয়ের মরদেহ দেশে ফিরেছে, এলাকায় শোকের ছায়া


চন্দ্রগন্জ উপজেলা প্রতিনিধি, মুহাম্মদ মাহফুজুল ইসলাম প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
চন্দ্রগঞ্জে দুই প্রবাসী ভাইয়ের মরদেহ দেশে ফিরেছে, এলাকায় শোকের ছায়া

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দুই প্রবাসী ভাই সজীব ও তার ভাইয়ের মরদেহ দেশে ফিরেছে। প্রবাস জীবনের কর্মব্যস্ততা শেষে জীবিত নয়, বরং বাক্সবন্দী লাশ হয়ে দেশে ফেরায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় তাদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় চন্দ্রগঞ্জের কামারহাট বাজারে মরহুম সজীব ও তার ভাইয়ের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হবে।

দুই প্রবাসী ভাইয়ের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। স্বজন ও স্থানীয়রা এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এলাকাবাসী জানান, পরিবারের স্বপ্ন ও ভবিষ্যতের আশায় প্রবাসে পাড়ি দেওয়া দুই ভাইয়ের এমন করুণ পরিণতি কেউ মেনে নিতে পারছেন না।

পরিবারের সদস্যরা মরহুমদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ তাআলা যেন তাদের সকল গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন—এমন প্রার্থনা করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। আমিন।