আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চালু মঙ্গলবার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চালু মঙ্গলবার

দীর্ঘ ৪৫ দিন বন্ধ থাকার পর আবারও চিকিৎসাসেবা কার্যক্রম চালুর অনুমোদন পেয়েছে রাজধানীর বড় মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। শর্তসাপেক্ষে হাসপাতালটির লাইসেন্স ফিরিয়ে দিয়ে কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (২৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ অনুমোদন দেওয়া হয়। লাইসেন্স ফিরে পাওয়ার পর মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে হাসপাতালের বহির্বিভাগ, অন্তঃবিভাগ, জরুরি বিভাগসহ সব ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

লাইসেন্স পুনর্বহালের পর আদ্-দ্বীন কর্তৃপক্ষ মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সেবাগ্রহীতা, রাজনীতিবিদ, চিকিৎসক, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমকর্মী, ইসলামিক স্কলার ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের আপিল ও পরবর্তী ব্যাখ্যার বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় শর্তসাপেক্ষে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষকে তিনটি শর্ত মানার নির্দেশ দেওয়া হয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে— দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর বিধান যথাযথভাবে অনুসরণ করা; লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং ভবিষ্যতে কোনো শর্ত লঙ্ঘন হলে সরকারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

উল্লেখ্য, গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটির লাইসেন্স বাতিল করে। এরপর কর্তৃপক্ষের আপিলের পর তদন্ত শেষে আবারও হাসপাতালটির কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হলো।