মোদি সরকারকে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকা পার্টির’


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
মোদি সরকারকে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকা পার্টির’

টানা ৩৭ দিনের আন্দোলন স্থগিতের ৪৮ ঘণ্টা না পেরোতেই আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে ভারতের তরুণদের নতুন প্ল্যাটফর্ম ‘তেলাপোকা জনতা পার্টি’ বা ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আটক আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না—সরকারের দেওয়া এমন প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে নতুন করে আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সোমবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সিজেপি জানায়, সাম্প্রতিক আন্দোলনে গ্রেপ্তার হওয়া সব শিক্ষার্থী ও আন্দোলনকারীর নিঃশর্ত মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। দাবি পূরণ না হলে মঙ্গলবার (২৮ জুলাই) থেকে কঠোর আন্দোলন শুরু করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মূল দাবির একটি বাস্তবায়ন হওয়ার পর অর্থাৎ দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর দিল্লির যন্তর মন্তরে চলমান ৩৭ দিনের অবস্থান কর্মসূচি ‘সম্মানের সঙ্গে’ প্রত্যাহার করেছিল অভিজিৎ দিপকের নেতৃত্বাধীন সিজেপি।

তবে সংগঠনটির অভিযোগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ না নেওয়ার বিষয়ে যে সমঝোতা হয়েছিল, তা মানছে না সরকার। সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জীতেন্দ্র সিংকে উদ্দেশ করে বলেন, চুক্তি অনুযায়ী আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হয়নি। তিনি অভিযোগ করেন, বিহার ও পশ্চিমবঙ্গ থেকে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লিতে আন্দোলনের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবকদের আটক এবং বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগও করেন তিনি।

সিজেপির পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর দ্রুত প্রত্যাহার, আটক শিক্ষার্থীদের মুক্তি এবং ভবিষ্যতে নতুন কোনো মামলা না করার নিশ্চয়তা দাবি করা হয়েছে। এর আগে কনস্টিটিউশন ক্লাবে মন্ত্রীদের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের পর সিজেপি দাবি করেছিল, নিট পরীক্ষায় অনিয়মের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং দেশজুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহারে কেন্দ্রীয় সরকার সম্মতি জানিয়েছে।

সংগঠনটি জানিয়েছে, সরকারের কাছে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়েছে এবং চার সপ্তাহ পর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ২০ জুলাই ‘চলো সংসদ’ কর্মসূচির পর ভারতজুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। শুরু থেকেই এসব মামলা প্রত্যাহার এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আইনি ব্যবস্থা না নেওয়ার দাবি জানিয়ে আসছিল সিজেপি।