
রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ বঙ্গভবনে তার দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি সশরীরে বঙ্গভবনে উপস্থিত হয়ে অফিস কার্যক্রম পরিচালনা করেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানায়। পরে পিজিআরের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম ফুল দিয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনের নিজ কার্যালয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময় করেন। এ সময় কর্মকর্তারা তাকে বঙ্গভবনের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন বিভাগের কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সম্পর্কে অবহিত করেন।
দায়িত্ব পালনের প্রথম দিনে রাষ্ট্রপতি কয়েকটি সারসংক্ষেপ, বাণী ও গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেন। পরে তিনি বঙ্গভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। এর মধ্যে ছিল ক্রেডেনশিয়াল হল, দরবার হল ও তোষাখানা।
পরিদর্শন শেষে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। নির্ধারিত কর্মসূচি শেষে দুপুরে তিনি বঙ্গভবন ত্যাগ করেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই ২০২৬ সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :