
হাড়ের সুস্থতার কথা উঠলেই সাধারণত দুধ, দই বা ডিমের মতো প্রাণিজ খাবারের কথা মনে আসে। তবে শুধু প্রাণিজ খাবারই নয়, কিছু সবুজ শাকও হাড়ের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে পারে। বিশেষজ্ঞদের মতে, কলার্ড গ্রিন (Collard Greens) বা খোলা পাতাকপি শাক হাড়ের স্বাস্থ্য রক্ষায় অন্যতম উপকারী শাক।
ক্যালসিয়ামের ভালো উৎস
হাড়ের গঠন ও দৃঢ়তা বজায় রাখতে ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক কাপ সেদ্ধ কলার্ড গ্রিনে প্রায় ২৭০ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, যা এক কাপ টক দইয়ে থাকা ক্যালসিয়ামের কাছাকাছি। তুলনামূলকভাবে এক কাপ কেইলে প্রায় ১৭৭ মিলিগ্রাম এবং সরিষা শাকে প্রায় ১৬৫ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়।
ভিটামিন কে সমৃদ্ধ
কলার্ড গ্রিনে প্রচুর পরিমাণে ভিটামিন কে রয়েছে। এক কাপ সেদ্ধ শাক থেকে প্রায় ৮০০ মাইক্রোগ্রাম ভিটামিন কে পাওয়া যায়, যা দৈনিক প্রয়োজনের তুলনায় অনেক বেশি। এই ভিটামিন শরীরে ক্যালসিয়ামের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সহায়তা করে এবং হাড়কে মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পটাসিয়াম হাড়ের সুরক্ষায় সহায়ক
এই শাকে প্রায় ২২২ মিলিগ্রাম পটাসিয়াম রয়েছে। পটাসিয়াম শরীর থেকে অতিরিক্ত ক্যালসিয়াম বেরিয়ে যাওয়া কমাতে সাহায্য করতে পারে, যা দীর্ঘমেয়াদে হাড়ের স্বাস্থ্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখে।
অ্যান্টিঅক্সিডেন্ট ও আঁশে সমৃদ্ধ
কলার্ড গ্রিনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ কমাতে সহায়তা করতে পারে এবং দীর্ঘমেয়াদি কিছু রোগের ঝুঁকি হ্রাসে ভূমিকা রাখতে পারে। এছাড়া প্রতি কাপ সেদ্ধ শাকে প্রায় ৮ গ্রাম খাদ্যআঁশ থাকে, যা হজমশক্তি ভালো রাখতে এবং অন্ত্রের সুস্থতা বজায় রাখতে সহায়ক।
যেভাবে খাবেন
কলার্ড গ্রিন বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। এটি সুপে, হালকা ভাজি হিসেবে বা পাস্তার সঙ্গে সিদ্ধ করে খেতে পারেন। অন্যান্য সবুজ শাকের মতোই এটি সুষম খাদ্যতালিকার অংশ হিসেবে নিয়মিত খেলে হাড়সহ সার্বিক স্বাস্থ্যের জন্য উপকার পাওয়া যেতে পারে।
মনে রাখবেন
শুধু একটি শাক খেয়েই হাড় সুস্থ রাখা সম্ভব নয়। পর্যাপ্ত ক্যালসিয়াম, ভিটামিন ডি, প্রোটিন, নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের সমন্বয়ই দীর্ঘমেয়াদে হাড়কে শক্ত ও সুস্থ রাখতে সবচেয়ে কার্যকর।
আপনার মতামত লিখুন :