আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে বৃহত্তর কর্মসূচি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে বৃহত্তর কর্মসূচি

আগামী আগস্ট মাসের মধ্যে নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটির দাবি, দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে। তাই দ্রুত পে-স্কেলের প্রজ্ঞাপন জারির উদ্যোগ নেওয়া প্রয়োজন।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সচিব আশিকুল ইসলামের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আগামী আগস্ট মাসের মধ্যে নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে প্রথমে সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে। সেই আলোচনা ফলপ্রসূ না হলে দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিবৃতিতে আশিকুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে একটি সময়োপযোগী, বাস্তবসম্মত ও ন্যায্য বেতন কাঠামোর প্রত্যাশা করে আসছেন। কিন্তু এখনো নতুন পে-স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশ না হওয়ায় তাদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন কোথায় আটকে আছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট করা প্রয়োজন।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের এই প্রত্যাশা পূরণে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমানের উন্নয়ন ঘটবে। পাশাপাশি তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং জনসেবার মান আরও উন্নত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আশিকুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি সবসময় শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও গণতান্ত্রিক কর্মসূচিতে বিশ্বাসী। এ কারণে সংগঠনটি প্রথমেই আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা করবে। তবে আলোচনা সফল না হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ রক্ষায় পরবর্তী করণীয় নির্ধারণ করে সারাদেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি সরকারের প্রতি দ্রুত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ করে কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আহ্বান জানান।