রাজধানীতে পিকআপভর্তি ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
রাজধানীতে পিকআপভর্তি ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পিকআপভর্তি ৭০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৫ জুলাই) সকালে যাত্রাবাড়ীর ধোলাইপাড় মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রমজান চৌধুরী (২০)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে ডিবি পুলিশের মতিঝিল বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় মোড়ের উত্তর-পশ্চিম পাশে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্দেহজনক একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. রমজান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত নীল রঙের একটি পিকআপ গাড়িও জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার করা গাঁজার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার রমজান চৌধুরীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে জানিয়ে ডিএমপি জানিয়েছে, মাদক কারবারি ও সরবরাহকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।