খুলনায় কিশোরী গুলিবিদ্ধ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
খুলনায় কিশোরী গুলিবিদ্ধ

খুলনা নগরীর হরিণটানা থানার মল্লিকবাড়ি রোড এলাকায় এক কিশোরী গুলিবিদ্ধ হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কিশোরীর নাম ফাতেমা ওরফে তন্বি। সে নগরীর হরিণটানা থানার আন্দিরঘাট এলাকার মল্লিকবাড়ি রোডের সামসু ভিলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মল্লিকবাড়ি রোড এলাকায় ফাতেমা গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে হরিণটানা থানা পুলিশের একটি দল হাসপাতালে যায়। পুলিশ আহত কিশোরীর কাছ থেকে ঘটনার বিষয়ে তথ্য জানার চেষ্টা করছে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে ঘটনার পর এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।