কলমাকান্দা সীমান্তে ৭ বোতল ভারতীয় মদসহ যুবক আটক


কলমাকান্দা প্রতিনিধি, জুয়েল প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
কলমাকান্দা সীমান্তে ৭ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের সুরুজের মোড় এলাকা থেকে সাত বোতল ভারতীয় মদসহ মো. নয়ন (২০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত নয়ন উপজেলার সেনপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ১০ মিনিটের দিকে সীমান্ত পিলার ১১৭৬/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুরুজের মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় জনসাধারণ সন্দেহজনক অবস্থায় নয়নকে আটক করে খারনৈ বিওপিতে খবর দেন। পরে খারনৈ বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে সাত বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নয়ন সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত ভারতীয় মদসহ কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ পণ্য পাচার রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি। তিনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।