
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আবেদনকারী প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় উপজেলার দুটি পৃথক কেন্দ্রে তথ্য সংগ্রহকারী পদে আবেদনকারীদের পরীক্ষা গ্রহণ করা হয়। এর মধ্যে উপজেলার ১ থেকে ৬ নম্বর ইউনিয়নের প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয় সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। অন্যদিকে ৭ থেকে ১১ নম্বর ইউনিয়নের প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয় সাদুল্লাপুর কে এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
পরবর্তীতে একই দিন বিকেলে উপজেলা পরিষদ হলরুমে সুপারভাইজার পদে আবেদনকারী প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর তথ্য সংগ্রহকারী পদে মোট ১ হাজার ৫১৭ জন প্রার্থী আবেদন করেন। এছাড়া সুপারভাইজার পদে আবেদন করেন ২১৬ জন। বিপুল সংখ্যক আবেদনকারীর অংশগ্রহণে পরীক্ষাকে ঘিরে প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
পরীক্ষা চলাকালে তথ্য সংগ্রহকারী নির্বাচন কমিটির সভাপতি ও সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান এবং কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আজাদুল হক উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা দায়িত্ব পালন করেন।
সংশ্লিষ্টরা জানান, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের জন্য দক্ষ ও যোগ্য জনবল নির্বাচন করতেই এ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার আয়োজন করা হয়েছে। নির্বাচিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা মাঠপর্যায়ে নির্ধারিত দায়িত্ব পালন করবেন।
আপনার মতামত লিখুন :