ইসরায়েলের বড় দুর্বলতা ফাঁস, নতুন সিদ্ধান্ত নিচ্ছেন নেতানিয়াহু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
ইসরায়েলের বড় দুর্বলতা ফাঁস, নতুন সিদ্ধান্ত নিচ্ছেন নেতানিয়াহু

ইরানের সম্ভাব্য ড্রোন হামলার আশঙ্কায় নিজেদের আকাশসীমায় ব্যক্তিগত ড্রোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ইসরায়েল সরকার। দেশটির সংবাদমাধ্যম এন১২-এর বরাতে জেরুজালেম পোস্ট এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। দেশটির প্রতিরক্ষা সংস্থাগুলোর মতামত নেসেটের সদস্যদের কাছেও উপস্থাপন করা হয়েছে।

এন১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বর্তমান প্রযুক্তি সব ধরনের ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম হচ্ছে না। এ কারণে নিরাপত্তার স্বার্থে আকাশসীমায় বেসরকারি ড্রোন ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে সরকার।

বিশেষ করে ইরান ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর পক্ষ থেকে ড্রোন হামলার ঝুঁকি বাড়তে পারে—এমন আশঙ্কা করছে ইসরায়েলি প্রশাসন। এর পরিপ্রেক্ষিতেই ব্যক্তিগত ও বেসরকারি কাজে ব্যবহৃত ড্রোন নিয়ন্ত্রণের বিষয়টি সামনে এসেছে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে ড্রোন হামলার ব্যবহার বেড়েছে। ইরানি ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলার অভিযোগ উঠেছে। বাহরাইনে বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করা হয়েছে। একই সময়ে জর্ডানের একটি বিমানঘাঁটিতেও হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।

এদিকে গত ১১ জুলাই ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবন আল-রেজা দাবি করেন, তেহরান ড্রোন উৎপাদন তিন গুণ বাড়িয়েছে। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি।

ইরানের ড্রোন কার্যক্রম দেশটিকে সম্ভাব্য প্রতিপক্ষের দুর্বলতা শনাক্ত করতে সহায়তা করছে বলেও মন্তব্য করেন তিনি। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ড্রোন এখন আধুনিক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে। এ কারণে ইসরায়েলসহ বিভিন্ন দেশ নিজেদের আকাশ নিরাপত্তা জোরদারে নতুন পদক্ষেপ নেওয়ার দিকে ঝুঁকছে।