
নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় রোগী, স্বজন ও চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর সঙ্গে বেড়েছে মশা-মাছির উপদ্রব, যা স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।
শনিবার (২৫ জুলাই) সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগের সামনের অংশসহ বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে আছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় ধরে এসব স্থানে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। ফলে অসুস্থ রোগীদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।
রোগীর স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে পানি জমে থাকার কারণে মশা-মাছির সংখ্যা বেড়ে গেছে। এতে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীদের জন্য এই পরিস্থিতি আরও কষ্টকর হয়ে উঠেছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী অভিযোগ করেন, সরকারি গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এমন জলাবদ্ধতা কোনোভাবেই কাম্য নয়। রোগীর স্বজন হাসান আলী বলেন, “রোগী নিয়ে হাসপাতালে এসে দেখি চারদিকে পানি জমে আছে। চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। দ্রুত এই সমস্যার সমাধান করা প্রয়োজন।”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাসপাতালের জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, বর্ষা মৌসুমে রোগীদের দুর্ভোগ কমাতে দ্রুত ড্রেন সংস্কার, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা এবং হাসপাতাল চত্বর উঁচুকরণের উদ্যোগ নিতে হবে।
জানা গেছে, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলার অন্যতম প্রধান সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র। প্রতিদিন শত শত রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। কিন্তু সামান্য বৃষ্টিতেই হাসপাতালের এমন বেহাল পরিস্থিতি তৈরি হওয়ায় সেবাগ্রহীতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এ বিষয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম বলেন, হাসপাতালের জলাবদ্ধতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সমস্যাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আপনার মতামত লিখুন :