
রান্নাঘরের পরিচিত মসলা আদা শুধু খাবারের স্বাদ ও ঘ্রাণ বাড়াতেই ব্যবহৃত হয় না, দীর্ঘদিন ধরে এটি প্রাকৃতিক উপাদান হিসেবেও পরিচিত। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন পরিমিত পরিমাণ আদা খাওয়ার অভ্যাস শরীরের বিভিন্ন কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়ক হতে পারে।
স্বাস্থ্যকর জীবনযাপনে ফলমূল ও শাকসবজির পাশাপাশি কিছু মসলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আদায় রয়েছে ভিটামিন, খনিজ উপাদান এবং বিভিন্ন প্রাকৃতিক সক্রিয় উপাদান, যা শরীরের জন্য উপকারী হিসেবে বিবেচিত।
আদার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো জিঞ্জারল। এটি বমি বমি ভাব ও বমির প্রবণতা কমাতে সহায়তা করতে পারে। পাশাপাশি শরীরের প্রদাহ কমানো এবং জয়েন্টের ব্যথা বা ফোলাভাব উপশমে ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
এছাড়া আদায় থাকা শোগাওল ও জিঞ্জিবেরিন নামের উপাদানও শরীরের জন্য উপকারী। কিছু গবেষণায় এসব উপাদানের ব্যথা কমানো, প্রদাহ নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদি কিছু স্বাস্থ্যঝুঁকি কমাতে সম্ভাব্য ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত অল্প পরিমাণ আদা গ্রহণ রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে, মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো রাখতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।
তবে শুধু আদা খেলেই সব ধরনের স্বাস্থ্য সমস্যা দূর হবে—এমনটি ভাবার সুযোগ নেই। এটি একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। তাই আদার পাশাপাশি সুষম খাবার গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখা জরুরি।
বিশেষজ্ঞরা জানান, টানা ৩০ দিন পরিমিত পরিমাণ আদা খাওয়ার অভ্যাস করলে এর সম্ভাব্য উপকার ধীরে ধীরে অনুভূত হতে পারে। তবে যাদের বিশেষ কোনো স্বাস্থ্য সমস্যা রয়েছে বা নিয়মিত ওষুধ সেবন করেন, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
আপনার মতামত লিখুন :