জয়পুরহাট প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আবু বক্কর সিদ্দিক, সম্পাদক শামীম কাদির নির্বাচিত


জয়পুরহাট জেলা প্রতিনিধি, খায়রুল ইসলাম প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
জয়পুরহাট প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আবু বক্কর সিদ্দিক, সম্পাদক শামীম কাদির নির্বাচিত

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী জয়পুরহাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮)। শনিবার (২৫ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে বাংলা ভিশন টিভি ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মো. আবু বক্কর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক পদে ডিবিসি নিউজ, বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি মো. শামীম কাদির নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আবু বক্কর সিদ্দিকের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মাশরেকুল আলম। আর সাধারণ সম্পাদক পদে শামীম কাদিরের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোয়াজ্জেম হোসেন।

এছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদে সোহেল আহমেদ (লিও) ও তানভিরুল ইসলাম রিগান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবু মুসা, কোষাধ্যক্ষ পদে ইসমাইল হোসেন, লাইব্রেরি সম্পাদক পদে জাহিদুল ইসলাম (যাদু), দপ্তর সম্পাদক পদে মিলন রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোয়ান্নাফ হোসেন শিমুল এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শীতল চন্দ্র নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আতাউর রহমান, পুলক সরকার ও রুহুল আমিন।

শনিবার সকাল ৯টা থেকে জয়পুরহাট প্রেসক্লাব প্রাঙ্গণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম। এ সময় নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আরাফাত হোসেন মুন ও সুজন কুমার মন্ডল।