
দীর্ঘ চার মাসের রুদ্ধশ্বাস ও আতঙ্কময় সময় কাটিয়ে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ থেকে অব্যাহতি নিয়েছেন ক্যাপ্টেন, চিফ ইঞ্জিনিয়ারসহ ১৭ জন নাবিক। দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দর থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়ার পর তাদের মধ্যে ১৬ জন মঙ্গলবার (২১ জুলাই) দেশে ফিরছেন।
ক্যাপ্টেন মো. শফিকুল ইসলামসহ ১৬ নাবিককে নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট মঙ্গলবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তবে জাহাজটির চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান ব্যক্তিগত প্রয়োজনে দেশে না ফিরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।
ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় চার মাস পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আটকা পড়েছিল ‘এমভি বাংলার জয়যাত্রা’। ওই সময় জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রুকে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার মধ্যেও তারা জাহাজ ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেন।
চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান জানান, দীর্ঘ সময় ধরে যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে থাকায় অনেক নাবিক মানসিকভাবে চাপে রয়েছেন। এ কারণে প্রথম ধাপে ১৭ জন নাবিককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে নতুন ১৫ জন নাবিক জাহাজের দায়িত্ব গ্রহণ করছেন।
তিনি বলেন, চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যেও তারা সফলভাবে জাহাজটি দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। দীর্ঘদিনের কঠিন অভিজ্ঞতা নাবিকদের জন্য ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, ডারবান বন্দরে পণ্য খালাসের পর জাহাজটিতে চিনি বোঝাই করা হবে। এরপর ‘এমভি বাংলার জয়যাত্রা’ মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবে।
বিএসসি সূত্র জানায়, গত ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে আটকে থাকা জাহাজটি দীর্ঘ কূটনৈতিক ও বাণিজ্যিক প্রচেষ্টার পর গত ২২ জুন হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পায়। এরপর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর হয়ে গত ১৬ জুলাই নিরাপদে দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে পৌঁছায়।
যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি থেকে নিরাপদে ফিরে আসতে পারায় নাবিকদের পরিবারেও স্বস্তি ফিরেছে। দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফেরার অপেক্ষায় থাকা এসব নাবিকের জন্য এটি এক স্বস্তির মুহূর্ত।
আপনার মতামত লিখুন :