
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে উঁচু-নিচু বেঞ্চ, সিলিং ফ্যান, ক্রীড়া সামগ্রী ও আলমারি বিতরণ করা হয়েছে। শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। এ ধরনের সহায়তা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামীম আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছাড়া অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, সমবায় কর্মকর্তা আজগর আলী, হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল হক, আইসিটি কর্মকর্তা মেহেদী হাসানসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ক্রীড়া সংশ্লিষ্ট শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অংশ নেন। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম হক স্বপনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) এর আওতায় দুর্গাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান ও সহশিক্ষামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
আপনার মতামত লিখুন :