হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

দেশজুড়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ শিশুর শরীরে এই ছোঁয়াচে রোগের সংক্রমণ ও বিভিন্ন উপসর্গ শনাক্ত করা হয়েছে। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। সেখানে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার পরিবর্তন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার কারণে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে এ রোগের জটিলতা তৈরি হলে মৃত্যুঝুঁকি বেড়ে যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সরাসরি হামের সংক্রমণে মারা গেছে ৯৫ শিশু। আর হামের কারণে সৃষ্ট বিভিন্ন জটিল উপসর্গে মৃত্যু হয়েছে ৬৯৮ শিশুর।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৭ শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে আরও ৯২২ শিশুর মধ্যে হামের বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৪ হাজার ৫৭৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ১ লাখ ১৮ হাজার ৫৭০ শিশুর মধ্যে হামের লক্ষণ বা উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১ হাজার ২৬ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৯৭ হাজার ৫৩২ শিশু। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুদের শরীরে হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি আক্রান্ত শিশুদের আলাদা রাখা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রয়োজনীয় টিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।