১৮ দিনে এলো ১৮০ কোটি ডলার প্রবাসী আয়


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
১৮ দিনে এলো ১৮০ কোটি ডলার প্রবাসী আয়

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। অর্থবছরের প্রথম ১৮ দিনে দেশে প্রায় ১৮০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ২ শতাংশ।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১ থেকে ১৮ জুলাই পর্যন্ত দেশে মোট ১৭৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বা ১ দশমিক ৭৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে।

গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪৯ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের প্রথম ১৮ দিনে প্রবাসী আয় বেড়েছে ৩০ কোটি ২০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুলাই মাসের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ ছিল শক্তিশালী। চলতি মাসের প্রথম পাঁচ দিনে দেশে এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার। এরপর ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত মাত্র তিন দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার।

ফলে ১৮ দিনের ব্যবধানে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৯ কোটি ৮০ লাখ ডলারে। সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারা তৈরি হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়লে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হয়। পাশাপাশি আমদানি ব্যয় পরিশোধ, বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংশ্লিষ্টরা আশা করছেন, চলতি অর্থবছরেও প্রবাসী আয়ের এই প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করার পাশাপাশি আরও কার্যকর উদ্যোগ নেওয়া হলে দেশের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব আরও বাড়বে।