সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

সৌদি আরবের পূর্ব উপকূলের রাস তানুরা এলাকায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সব আরোহী প্রাণ হারিয়েছেন।

রোববার (২৮ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, নিহত সবাই সৌদি নাগরিক।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ৬টার দিকে আরামকোর মালিকানাধীন হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। এতে থাকা ১৪ জন আরোহীর সবাই ঘটনাস্থলেই নিহত হন। তবে তারা আরামকোর কোন বিভাগের কর্মী ছিলেন কিংবা কী উদ্দেশ্যে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত করা যায়নি। বিষয়টি তদন্তে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করেছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা হচ্ছে না। একই সঙ্গে জ্বালানি মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

উল্লেখ্য, রাস তানুরা সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র। প্রায় চার মাস বিরতির পর সম্প্রতি এখানে অপরিশোধিত তেল লোডিং কার্যক্রম পুনরায় শুরু হয়েছিল। এমন সময়েই এই দুর্ঘটনা ঘটল।