
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) ঢাকার আশুলিয়ার জিরানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং বিকেএসপি পরিচালনা বোর্ডের সভাপতি মো. আমিনুল হক।
সভায় শুরুতে ৩৯তম সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। এরপর বিভিন্ন এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বিকেএসপির জনবল কাঠামো শক্তিশালীকরণ, প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়ন, ২০২১ সালের প্রশিক্ষণার্থী নীতিমালা হালনাগাদ, নারী খেলোয়াড়দের জন্য আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং রাজশাহীতে পাইলট প্রকল্প হিসেবে স্বতন্ত্র প্রশিক্ষণ ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি নতুন ক্রীড়া বিভাগ হিসেবে দাবা অন্তর্ভুক্তি, বিভাগীয় ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারণ এবং প্রশাসনিক ও আর্থিক নীতিমালা উন্নয়নের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও মালয়েশিয়ার মতো দেশের বিশ্ববিদ্যালয় ও ক্রীড়া ফেডারেশনের সঙ্গে যৌথ প্রশিক্ষণ ও কোচিং কার্যক্রম পরিচালনার বিষয়েও আলোচনা করা হয়।
সভায় বিকেএসপির প্রশিক্ষণ কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিদেশি বিশেষজ্ঞ কোচ নিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং মানবসম্পদ বিকাশে গুরুত্বারোপ করা হয়। এতে ভবিষ্যতে দক্ষ ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তুলতে বিকেএসপির কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর দেওয়া হয়।
প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সভার সফল আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় পরিচালনা বোর্ডের সদস্য, বিকেএসপির মহাপরিচালক, পরিচালকবৃন্দসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :