
নওগাঁতে আব্দুল্লাহ আল নীরব হোসেন (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নওগাঁ সদর উপজেলার নামাজগড় মাদ্রাসাপাড়ায় অবস্থিত গাউসুল আজম আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
রোববার (২৮ জুন) সকালে মাদ্রাসার এতিমখানা ভবনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নীরব পাবনার আটঘরিয়া উপজেলার রুবেল হোসেনের ছেলে।
মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজের পর নীরব তার চাচার বাসায় খাবার খেতে যায়। পরে ফেরার পথে মাদ্রাসাপাড়ার একটি বিয়ের অনুষ্ঠানে তাকে সহপাঠীদের সঙ্গে দেখা যায়। রাত ১০টার মধ্যে আবাসিক হলে ফেরার নিয়ম থাকলেও সে আর ফিরে যায়নি।
পরদিন সকালে এলাকাবাসী মাদ্রাসার ভবনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন বলেন, সকালে তার স্ত্রী মাদ্রাসার গেটের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে লোকজন ছুটে আসে এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।
এদিকে আবাসিক হলের শিক্ষার্থীরা জানান, নিয়ম অনুযায়ী রাত ১০টার পর গেট বন্ধ থাকে এবং দেরিতে ফিরলে শাস্তির বিধান রয়েছে। তাদের দাবি, ঘটনার আগে নীরবকে বিয়ের অনুষ্ঠানে সহপাঠীদের সঙ্গে দেখা গেছে।
ঘটনার বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিল্লুর রহমান ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুস ছাত্তার কোনো মন্তব্য করতে রাজি হননি।
আপনার মতামত লিখুন :