
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়টি শিগগিরই জাতীয়করণের ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনের সংগ্রামী জীবনের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। জানা যায়, তিনি বিদ্যালয়ের সহকর্মীদের বেতন পরিশোধের জন্য নিজেই নৌকা চালিয়ে আয় করেন। শুধু মার্চ ও এপ্রিল মাসেই তিনি নৌকা চালিয়ে ৪০ হাজার টাকা আয় করেন, যার মধ্যে ৩০ হাজার টাকা সহকর্মীদের বেতন হিসেবে ব্যয় করেন।
তিনি আরও বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও বিদ্যালয়টি টিকিয়ে রাখার জন্য প্রধান শিক্ষকের এই উদ্যোগ অনুপ্রেরণাদায়ক। বিষয়টি জানার পরপরই প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে বিদ্যালয়টি জাতীয়করণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
২০২০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। অধিকাংশ শিক্ষার্থীই দরিদ্র পরিবারের হওয়ায় নিয়মিত বেতন পরিশোধ করতে পারে না। ফলে শিক্ষক-কর্মচারীদের বেতন ও বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ে।
এ পরিস্থিতিতে প্রধান শিক্ষক ছুটির দিনগুলোতে থানচি-তিন্দু-রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে যাত্রী ও পর্যটক পরিবহন করে আয় করেন এবং সেই অর্থ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধে ব্যয় করেন। তাঁর এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
আপনার মতামত লিখুন :