
আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পঞ্চগড়ে ১ লাখ ৭১ হাজার ৭৯৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার (২৪ জুন) বিকেলে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত সাংবাদিক অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৭৯৩ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫১ হাজার ৬১৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলার ১ হাজার ৭৭টি কেন্দ্রে একযোগে এ ক্যাম্পেইন পরিচালিত হবে। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি দুজন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। মোট ২ হাজার ১৫৪ জন স্বেচ্ছাসেবক মাঠে কাজ করবেন বলে জানানো হয়।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, অসুস্থ কোনো শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে না। পাশাপাশি কান্নারত শিশুদের জোরপূর্বক ক্যাপসুল খাওয়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডা. জান্নাতুন ফেরদৌস নিতু। অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :