
চীনের দালিয়ান সফর শেষে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
চীনের ‘জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস’ (জিএসিসি)-এর মন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কমিটির সেক্রেটারি সুন মেইজুন রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান। স্টেশনে আনুষ্ঠানিক স্বাগত জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় শিশু-কিশোররা তাদের হাতে ফুলের তোড়া তুলে দেয়।
পরে রেলস্টেশন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে চীনের দিয়াওইউতাই গেস্ট হাউসে নেওয়া হয়। বেইজিং সফরকালে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী এবং সফরসঙ্গীরা রাষ্ট্রীয় অতিথি ভবনটিতেই অবস্থান করবেন।
এর আগে স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে হাইস্পিড ট্রেনে (বুলেট ট্রেন) বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ অনেকে।
এ ছাড়া প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনিসহ সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
বেইজিং যাওয়ার আগে বুধবার সকালে দালিয়ানের ‘ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে’ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ বার্ষিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে সোমবার মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে সফরসঙ্গীদের নিয়ে চীনের দালিয়ানে যান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম মালয়েশিয়া ও চীন সফর।
আপনার মতামত লিখুন :