
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে স্বামীসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী গৃহবধূ মোছা. এমি বেগম নিজেই বাদী হয়ে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত (চিরিরবন্দর)-এ মামলাটি করেন।
মামলায় অভিযুক্তরা হলেন—স্বামী মো. আব্দুল হালিম, জা মোছা. আল হেলিনা লিপি, দেবর মো. শ্যামল এবং ননদ মোছা. মুক্তি বেগম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের অক্টোবর মাসে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার আব্দুল হালিমের সঙ্গে বোচাগঞ্জ উপজেলার দকচাই এলাকার মো. সফিকুল ইসলামের মেয়ে এমি বেগমের বিয়ে হয়। তাদের একটি চার বছরের কন্যা সন্তান রয়েছে।
বিয়ের পর থেকেই অভিযুক্তরা ব্যবসার জন্য দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল বলে অভিযোগ করা হয়েছে। এর আগে ভুক্তভোগীর পরিবার এক লাখ টাকা দিলেও পরে আরও টাকার জন্য চাপ অব্যাহত থাকে।
অভিযোগ অনুযায়ী, গত ১৮ জুন ২০২৬ বিকেলে যৌতুকের টাকা না দেওয়ায় গৃহবধূকে স্বামীসহ অন্যান্য অভিযুক্তরা শারীরিকভাবে নির্যাতন করেন। পরে তাকে তার শিশু সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
পরে গুরুতর আহত অবস্থায় তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে ২১ জুন ২০২৬ তারিখে তিনি আদালতে মামলা দায়ের করেন, যার নম্বর সিআর ২৯৪/২৬।
আদালত চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
ভুক্তভোগী গৃহবধূ আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :