লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত: রাস্তা অবরোধ ও উত্তেজনা


লালমনিরহাট প্রতিনিধি, ফারুক সূর্য প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত: রাস্তা অবরোধ ও উত্তেজনা

লালমনিরহাটে অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ির ধাক্কায় মো. রনি সরকার (২৬) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু বিচার দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বুধবার লালমনিরহাট বিমান বাহিনী সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি সরকার সদর উপজেলার হারাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফড়িংয়ের দিঘি গ্রামের নুর ইসলামের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে রনি সরকার তার অটোরিকশা নিয়ে বিমান বাহিনী সংলগ্ন এলাকার একটি খাবার দোকানে খাবার খাচ্ছিলেন। খাবার শেষে তিনি অটোরিকশার পাশে দাঁড়িয়ে থাকার সময় অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ের একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে ক্ষুব্ধ স্থানীয় জনতা ও অটোরিকশাচালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন, ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উত্তেজনা সৃষ্টি হয়।

পুলিশ প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি ও চালককে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবার ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।