
বান্দরবানের আলীকদম উপজেলায় কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করতে ৭০ জন কৃষকের মাঝে ফলদ ও বনজ গাছের চারা এবং সার বিতরণ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
মঙ্গলবার (২৮ জুলাই) আলীকদম জেলা পরিষদ রেস্ট হাউস প্রাঙ্গণে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় ৭০ জন কৃষকের মাঝে মোট ১৭২টি গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে ছিল ১২২টি ফলদ এবং ৫০টি বনজ চারা। পাশাপাশি চারাগুলোর সঠিক পরিচর্যার জন্য কৃষকদের মধ্যে ২৪ কেজি জৈব সার ও ১৭ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাঘাটা হর্টিকালচার সেন্টার, বান্দরবানের উপপরিচালক লিটন দেবনাথ, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী লেলিন চাকমা এবং আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা ও সদর ইউনিয়ন প্রশাসক কৃষিবিদ মো. সোহেল রানা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষকদের বাড়তি আয় ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। ফলদ ও বনজ গাছের চারা রোপণ দীর্ঘমেয়াদে কৃষক ও পরিবেশ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান। এ সময় সহায়তা পেয়ে কৃষকরাও সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কৃষিবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :