
নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমন নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে শহরের বাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার জননী ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।
নিহত ইমন নওগাঁর মান্দা উপজেলার মাগুড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে। তিনি পড়াশোনার পাশাপাশি ওই ছাত্রাবাসের ১০৯ নম্বর ডাবল রুমে একাই থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ইমনের কোনো যোগাযোগ হয়নি। এ কারণে শনিবার সকালে প্রায় সাড়ে ৭টার দিকে তার মামা ছাত্রাবাসে এসে দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে সেখানে থাকা অন্য শিক্ষার্থীদের সহযোগিতায় দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইমনের মরদেহ দেখতে পান।
খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :