পঞ্চগড়ে দৈনিক ভোরের চেতনা’র সম্পাদক ও প্রকাশকের মতবিনিময় সভা অনুষ্ঠিত


পঞ্চগড় প্রতিনিধি, মার্শাদুল ইভেন প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
পঞ্চগড়ে দৈনিক ভোরের চেতনা’র সম্পাদক ও প্রকাশকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রচার-প্রসার কার্যক্রম আরও গতিশীল করা, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত প্রতিনিধি ও স্টাফদের সঙ্গে মতবিনিময়, সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে দেশব্যাপী সফর করছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম। এরই ধারাবাহিকতায় সোমবার তিনি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা সফর করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক মোন্নাফ খান বায়েজিদ।

তেঁতুলিয়া উপজেলা ডাকবাংলোয় পৌঁছালে দৈনিক ভোরের চেতনার পঞ্চগড় প্রতিনিধি ইভেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং প্রধান বার্তা সম্পাদক মোন্নাফ খান বায়েজিদকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে স্থানীয় সাংবাদিক, প্রতিনিধি ও সুধীজনের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই দৈনিক ভোরের চেতনার মূল লক্ষ্য। বর্তমান সময়ে সাংবাদিকদের আরও দায়িত্বশীল, নিরপেক্ষ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করতে হবে। পাশাপাশি গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য পরিহার করে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরাই একটি জাতীয় পত্রিকার প্রাণ। তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমেই দেশের প্রত্যন্ত অঞ্চলের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র জাতীয় পর্যায়ে তুলে ধরা সম্ভব হয়। প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধি, কাজের মান উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে নিয়মিত মতবিনিময় ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রধান বার্তা সম্পাদক মোন্নাফ খান বায়েজিদ সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, ভাষার শুদ্ধ ব্যবহার, ছবি ও ভিডিও সংগ্রহের কৌশল এবং ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি মানসম্মত ও সময়োপযোগী সংবাদ প্রকাশে প্রতিনিধিদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত প্রতিনিধিরা নিজ নিজ এলাকার সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সম্পাদক ও প্রধান বার্তা সম্পাদক তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের চেতনার পঞ্চগড় প্রতিনিধি ইভেন, দেশ এডিশনের পঞ্চগড় প্রতিনিধি মো. রাকিব হাসানসহ স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভার শেষে সম্পাদক ও প্রকাশক উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দৈনিক ভোরের চেতনার অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন।