বাঁশখালী জালিয়াঘাটা আইডিয়াল ক্লাবের উদ্যোগে বন্যাদুর্গতদের ঘর পুনর্নির্মাণ সহায়তা প্রদান


বাঁশখালী প্রতিনিধি, ফখরুল ইসলাম প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
বাঁশখালী জালিয়াঘাটা আইডিয়াল ক্লাবের উদ্যোগে বন্যাদুর্গতদের ঘর পুনর্নির্মাণ সহায়তা প্রদান

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের জালিয়াঘাটা আইডিয়াল ক্লাবের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ‘ঘর পুনর্নির্মাণ সহায়তা প্রকল্প’ বাস্তবায়ন করা হয়েছে। মানবিক এ উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোকে ঘর মেরামত ও পুনর্নির্মাণে সহযোগিতা প্রদান করা হয়।

সোমবার (২০ জুলাই ২০২৬) সকাল ১০টায় জালিয়াঘাটা আল-আমানিয়া রহমানিয়া হাশেমিয়া কাদেরিয়া মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালিয়াঘাটা আইডিয়াল ক্লাবের সভাপতি হাফেজ মাওলানা নূর মোহাম্মদ। অর্থ সম্পাদক মাওলানা লোকমান হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাজী মাওলানা আইয়ুব আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য নুরুন্নবী তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন জালিয়াঘাটা আইডিয়াল ক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম, মাওলানা জিয়াউর রহমান, হাজী হাসান, সাগর, নাছির, মো. হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। অসহায় পরিবারগুলোর মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও মানবিক সংগঠনগুলোকে আরও এগিয়ে আসার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, জালিয়াঘাটা আইডিয়াল ক্লাবের এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের শেষপর্যায়ে সকল মরহুমের মাগফিরাত কামনা এবং দেশ-বিদেশে অবস্থানরত সহযোগিতাকারীদের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, চলতি বন্যার শুরু থেকেই জালিয়াঘাটা আইডিয়াল ক্লাব বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আগে সংগঠনটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৪০০ পরিবারের মাঝে রান্না করা বিরিয়ানি বিতরণ করা হয়।

সংগঠনের ধারাবাহিক মানবিক কর্মকাণ্ডে উপকৃত অসহায় পরিবারগুলো দেশ-বিদেশে অবস্থানরত সকল দাতা, শুভানুধ্যায়ী ও সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা সহযোগিতাকারীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন।