
দেশব্যাপী উৎসে কর কর্তন (উইথহোল্ডিং ট্যাক্স) ও যাচাই কার্যক্রম আরও জোরদার করতে মাঠপর্যায়ের কর কর্মকর্তাদের জন্য পাঁচটি বিশেষ নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে এই সরকারি কার্যক্রমে কোনো প্রতিষ্ঠান প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বা অসহযোগিতা করলে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।
রোববার (১৯ জুলাই) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন কর অঞ্চলের বিশেষ টিম ইতোমধ্যে উৎসে কর কর্তন সংক্রান্ত তথ্য যাচাই ও সরেজমিন তদারকি কার্যক্রম শুরু করেছে।
আয়কর আইন-২০২৩ এর ১৪৭ ধারা অনুযায়ী কর কর্মকর্তাদের বিশেষ ক্ষমতার আওতায় পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে যেকোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট প্রাঙ্গণে বিনা বাধায় প্রবেশ করে সরেজমিন পরিদর্শনের সুযোগ।
এ ছাড়া কর কর্মকর্তারা প্রতিষ্ঠানের হিসাবের বই, ভাউচার, ব্যাংক হিসাব বিবরণী, রসিদ এবং অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় যেকোনো নথিপত্র পরীক্ষা ও তলব করতে পারবেন।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রয়োজনে প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড ও ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্য যাচাই করা যাবে। এ ক্ষেত্রে প্রয়োজন হলে পাসওয়ার্ড বা এনক্রিপশন ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহের সুযোগও থাকবে।
উৎসে কর কর্তনের সঠিকতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় হিসাবের খাতা, নথিপত্র, ইলেকট্রনিক রেকর্ড বা ডিভাইস সাময়িকভাবে জব্দ করে নিজস্ব হেফাজতে নেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে কর কর্মকর্তাদের। এ ছাড়া যেকোনো নথিপত্র, ইমেজ বা হিসাবের কপি সংগ্রহ করে তাতে শনাক্তকরণ চিহ্ন বা সিলমোহর ব্যবহারের নির্দেশনাও রয়েছে।
এনবিআর জানিয়েছে, আয়কর আইন-২০২৩ এর ১৪৭ (২) ধারা অনুযায়ী, কর কর্মকর্তাদের এই কার্যক্রমে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অসহযোগিতার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
রাজস্ব আহরণ কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকর করতে এবং উৎসে কর কর্তনের ক্ষেত্রে অনিয়ম বন্ধে এই তদারকি কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছে এনবিআর। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে কর ব্যবস্থাপনায় জবাবদিহিতা বাড়বে এবং রাজস্ব আদায় আরও শক্তিশালী হবে।
আপনার মতামত লিখুন :