ঢাকায় আবারও নামল বৃষ্টি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
ঢাকায় আবারও নামল বৃষ্টি

টানা কয়েক দিনের বৃষ্টি ও জলাবদ্ধতায় বিপর্যস্ত রাজধানী ঢাকায় আবারও বৃষ্টি শুরু হয়েছে। গত দুই-তিন দিন রোদের দেখা পাওয়ায় তাপমাত্রা বেড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল। তবে সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় আবারও বৃষ্টি নামে।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছিল, সোমবার দুপুরের দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আরেকটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বর্তমানে মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং অন্যান্য এলাকায় মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরেও মৌসুমি বায়ুর প্রভাব রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী পাঁচ দিন দেশের প্রায় সব বিভাগেই কম-বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে কোথাও কোথাও ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও দমকা হাওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে।

রাজধানীতে ফের বৃষ্টি শুরু হওয়ায় জলাবদ্ধতা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে এর আগে ঢাকার বিভিন্ন এলাকায় পানি জমে জনভোগান্তি দেখা দিয়েছিল।