
বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে কয়েকজন কর্মকর্তাকে পদোন্নতিও দেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পদোন্নতি দিয়ে একই অধিদপ্তরের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে পদোন্নতি দিয়ে সিআইডির প্রধান (অতিরিক্ত আইজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে পদোন্নতি দিয়ে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে পদোন্নতি দিয়ে ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে এপিবিএনের ডিআইজি (এফডিএমএন) প্রলয় চিসিমকে নোয়াখালী পিটিসির ডিআইজি, সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনের ডিআইজি (এফডিএমএন), ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পিসিসির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া ঢাকা এসবির ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে খুলনা পিটিসির ডিআইজি, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামানকে র্যাবের অতিরিক্ত ডিআইজি এবং ঢাকা এসবির অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) এ কে এম আক্তারুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) হিসেবে পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে এই বদলি ও পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :