
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় সরাইল উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। কর্মসূচির মাধ্যমে নির্ধারিত বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু করা হয়, যা শিশুদের অপুষ্টি প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্যাম্পেইনের কার্যক্রম পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার ঝরনা। এ সময় তাকে সহযোগিতা করেন নার্স জাহানারা বেগম। স্বাস্থ্যকর্মীরা অভিভাবকদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব সম্পর্কে সচেতন করেন এবং নির্ধারিত সব শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার আহ্বান জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, এই জাতীয় কর্মসূচির লক্ষ্য হলো উপজেলার সকল যোগ্য শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের আওতায় এনে তাদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা। এজন্য অভিভাবকদের সন্তানদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :